করোনা নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি’র উচিত ছিল করোনা ভাইরাস নিয়ে রাজনীতি না করে জনগণের পাশে দাঁড়ানো। এটি একটি বৈশ্বিক দুর্যোগ। এটি শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, সমগ্র পৃথিবীব্যাপী দুর্যোগ। যারা জনগণের জন্য রাজনীতি করে এই বৈশ্বিক দুর্যোগে তাদের উচিত জনগণের পাশে দাঁড়ানো।
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিবের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, সবকিছুর মধ্যে রাজনীতি খোঁজা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার যে বক্তব্য দিয়েছেন তা করোনা ভাইরাস নিয়ে জনগণের সঙ্গে মশকরা করার শামিল।
তিনি বলেন, বিএনপি সব সময় চিন্তিত-ব্যস্ত আছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে। জনগণের জন্য যদি তারা রাজনীতি করেন, দয়া করে করোনা নিয়ে রাজনীতি করবেন না।
খালেদা জিয়ার মুক্তির আবেদনের প্রসঙ্গে তিনি বলেন, তারা জনগণের কথা ভাবেন না, বিধায় বিএনপির রাজনীতিটাও খালেদা জিয়ার স্বাস্থ্যের মধ্যে আটকে আছে। তার স্বজনরাও তাকে নিয়েই চিন্তা করছেন। অন্য কাউকে নিয়ে চিন্তা করছে না।
করোনাভাইরাস নিয়ে কোনও ধরনের আতঙ্ক না ছাড়াতে মিডিয়াগুলোর প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, কিছু পত্র-পত্রিকা করোনা নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। বাংলাদেশে এখনও তেমন পরিস্থিতি তৈরি হয়নি। আতঙ্ক ছড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। করোনা মোকাবিলায় সরকার বহু আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেছে।
মাস্ক-হ্যান্ডওয়াশের দাম বৃদ্ধি প্রসঙ্গে ড.হাছান মাহমুদ বলেন, করোনার কারণে একটি অসাধু ব্যবসায়ী মহল মাস্ক, হ্যান্ডওয়াশের দাম বাড়িয়ে দিয়েছে। সরকার এ ব্যাপারে দৃষ্টি রাখছে। যারা এই কাজগুলো করবে সরকার তাদের বিরুদ্ধে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বাসস।
বার্তা বাজার / ডব্লিও.এস