বরযাত্রীর গাড়িতে ট্রাক্টরের ধাক্কা, নিহত ২

নীলফামারীর ডোমারে বরযাত্রীর গাড়ি বহরে ট্রাক্টরের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।

মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে ডোমার-দেবীগঞ্জ সড়কের পাগলাবাজার এলাকায় ট্রাক্টর ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জাহিদ হাসানের স্ত্রী রুনা বেগম (৩৫) ও পানিয়াল রহমানের স্ত্রী সখিনা বেগম (৫০)। আহতরা হলেন, হামিদা বেগম (৪০), মজিদ ইসলাম (৩৫), জয়িতা আক্তার (১২), জান্নাত আক্তার (১০), লতিফা বেগম (২২)। এদের সবার বাড়ি উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের লালার খামার এলাকায়।
বুধবার (১১ মার্চ) সকালে ডোমার থানার ওসি মো. মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেন।
হতাহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দেবীগঞ্জ উপজেলার তিস্তার হাট এলাকায় বিয়ে করেন গোলাম রাব্বানী। রাতে নববধূ নিয়ে নিজ বাড়ি ডোমারে ফেরার পথে পাগলাবাজার এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে বরযাত্রীর গাড়ি বহরের প্রথম গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই রুনা বেগম মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে সাত জনকে উদ্ধার করে দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় সখিনা ও হামিদার অবস্থা আশঙ্কাজনক হলে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সখিনা বেগম মারা যান। হামিদা বেগমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক চালক ট্রাক্টর নিয়ে পালিয়ে যায়। ট্রাক্টর ও চালককে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর