করোনা প্রতিরোধে শত কোটি টাকা চাইল স্বাস্থ্য মন্ত্রণালয়

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং শিগগিরই এ অর্থ বরাদ্দ দেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বনানীতে নিজের বাসভবনে বাংলাদেশে অবস্থিত বিশ্বের ৩০ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে করোনা ভাইরাস নিয়ে জরুরি বৈঠক করেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী করোনা ভাইরাসের ফলে বর্তমান সময়ে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে জানান, করোনা ভাইরাসের ফলে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক বজায় রেখে এ ভাইরাস মোকাবিলায় একযোগে কাজ করতে হবে।

বৈঠকে আমেরিকা, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ইটালি, ইরান, ভারতের রাষ্ট্রদূতসহ মোট ৩০ জন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।

আমেরিকার রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশ সরকারকে করোনা ভাইরাস মোকাবিলায় আগামী দুই দিনের মধ্যে আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।

চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, ইটালিসহ আক্রান্ত অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা আদান প্রদানে পরবর্তী করণীয় বিষয়ে রাষ্ট্রদূতরা তাদের অভিমত ব্যক্ত করেন।

স্বাস্থ্যমন্ত্রী এ প্রসঙ্গে উপস্থিত সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে বলে জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর