সিলেটে সৌদি প্রবাসী এক নারী করোনা ভাইরাস আক্রান্ত কিনা পরীক্ষা করতে বলায় বেসরকারি একটি হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। মঙ্গলবার দুপুরে সিলেটে বেসরকারি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে জ্বর নিয়ে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তিনি। সেখানে তার লক্ষণ দেখে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করেন জরুরি বিভাগের চিকিৎসকরা।
এ সময় তাকে কয়েকটি পরীক্ষা করিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন তারা। কিন্তু পরীক্ষা করিয়ে আনার কথা বলে ওই নারী হাসপাতাল থেকে উধাও হয়ে যান।
পরে খোঁজ নিয়ে সিভিল সার্জন অফিসের লোকজন ওই নারীর বাসায় গিয়ে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার অনুরোধ করলেও তিনি রাজি হননি বলে জানান সিভিল সার্জন প্রেমানন্দ।
সিভিল সার্জন বলেন, ১০ থেকে ১২ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার ৭০ বছর বয়সী ওই নারী।
সিভিল সার্জন বলেন, হাসপাতাল থেকে বিষয়টি অবহিত হয়ে আমরা ওই নারীর বাড়িতে যোগাযোগ করি। আমরা তাকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্কতার জন্য শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়ার অনুরোধ করি; কিন্তু তিনি হাসপাতালে ভর্তি হতে রাজি হননি। পরবর্তীতে তাকে বাড়িতেই ‘সেলফ কোয়ারেন্টাইনে’ থাকতে বলা হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, বুধবার (১১ মার্চ) আবারও ওই নারীর সঙ্গে যোগাযোগ করে তার শারীরিক অবস্থার খোঁজ নেয়া এবং তাকে হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা চালানো হবে।
বার্তাবাজার/এমকে