উপজেলা চেয়ারম্যানের অফিসে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

যশোরের অভয়নগর উপজেলা চেয়ারম্যানের নির্বাচনী কার্যালয়ে নওয়াপাড়া পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন আকাশ (২৬) গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ এই ছাত্রলীগ নেতা উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীরের সমর্থক।

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে। তাকে প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভয়নগর থানার উপ-পরিদর্শক নাসির জানান, আনুমানিক ৪টার দিকে তূর্য নামে এক যুবকের অস্ত্র থেকে বের হওয়া গুলিতে আকাশ গুলিবিদ্ধ হয়েছেন। গলায় গুলিবিদ্ধ আকাশকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতির পর খুলনায় পাঠানো হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা আরও দাবি করেন, অস্ত্র নিয়ে নাড়া-চাড়া করার সময় গুলি বের হয়েছে। ঘটনার পর থেকেই অস্ত্রের মালিক তূর্য পলাতক রয়েছে। অস্ত্রটিও উদ্ধার করা যায়নি।

এ ব্যাপারে জানতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ খালিদ হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর