সুনামগঞ্জের আলোচিত শিশু তুহিন মিয়া হত্যা অভিযুক্ত চাচাতো ভাই কিশোর শাহরিয়ার আহমদকে ৮ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। শাহরিয়ার আহমদের বয়স ১৮ এর কম থাকায় তার মামলাটি শিশু আদালতে পরিচালিত হয়।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় সুনামগঞ্জ শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে এই রায় দেন। এর আগে আদালতে ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত মূল আসামিদের বিচারের রায় আগামী ১৬ মার্চ ধার্য করা হয়েছে। হত্যার সাথে জড়িত থাকায় নিহত তুহিনের বাবা ও ৩ চাচা কারাগারে আছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরের ১৩ তারিখ গভীর রাতে দিরাই উপজেলার কেজাউড়া গ্রামে ঘুম থেকে তুলে নিয়ে গলাকেটে শিশু তুহিনকে হত্যা করে তার লিঙ্গ, দুই কান কেটে পেটে দুটি ছুরি বিদ্ধ করে বর্বরভাবে গাছে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে পরের দিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করেন।
এই মামলায় পুলিশ তুহিনের বাবা আব্দুল বাছির (৪০),চাচা নাসির উদ্দিন (৩৫), আবদুল মছব্বির (৪৫) ও জমসেদ আলী (৬০) এবং ১৭ বছর বয়সী চাচাতো ভাই শাহরিয়ারকে গ্রেফতার করে।
আদালত সূত্রে জানা যায়, পুলিশ তুহিন হত্যা মামলায় গত ৩০ ডিসেম্বর উল্লিখিত পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এরপর আদালতে অভিযোগ গঠন হয় ৭ জানুয়ারি। তুহিনের ১৭ বছর বয়সী চাচাতো ভাইয়ের বিচারকার্য সম্পন্ন হয়েছে শিশু আদালতে। অন্যদের বিচার হচ্ছে জেলা দায়রা জজ আদালতে।
বার্তাবাজার/এসজে