ঘাটাইলে নিরাপত্তা চেয়ে ১০ টি পরিবারের সংবাদ সম্মেলন

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নের কাছরা গ্রামের অসহায় ১০ টি পরিবার তাদের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। উপজেলার হামিদপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানা যায়, ঘাটাইল উপজেলার কাছরা গ্রামের প্রতিবেশী আব্দুর রশিদ, রফিকুল ইসলাম ও আব্দুর রহিমদের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে প্রথমে ৪ টি, পরে ৬ টি পরিবারসহ ১০ টি পরিবারকে একঘরে করে দেয়। ফলে ওই ১০ টি পরিবার ধর্মীয় রীতিনীতি তথা এবাদত-বন্দেগী করতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

পরে ওই এক ঘরে ১০ টি পরিবার অন্য কোন উপায় না পেয়ে তারা কাছরা উত্তরপাড়া জামে মসজিদ নামে প্রায় এক বছর পূর্বে একটি মসজিদ স্থাপন করেন। এতে ক্ষিপ্ত হয়ে রশিদ তার সংবদ্ধ চক্রের ২০-৩০ জন লোক নিয়ে ৪ মার্চ রাতে পরিকল্পিতভাবে ওই ১০ টি পরিবারের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায়।

পরদিন প্রকাশ্য দিবালোকে আব্দুর রশিদ পুনরায় ওই ১০ টি পরিবারের নির্মিত মসজিদ ভেঙে ফেলে। ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান কে জানালে তিনি বিষয়টি মীমাংসা করে দেয়ার আশ্বাস দিলেও অদ্যাবদি কোনো সমাধান হয়নি বলে জানান সংবাদ সম্মেলনে উপস্থিত ওই পরিবারের সদস্যরা।

অন্যদিকে অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কাছরা গ্রামের সোনামিয়া, জোয়াহের আলী, শাজাহান, আজহারুল ইসলাম, লিটন হোসেন আলী, আকবর ও শামসুল হক প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর