প্রাণঘাতী করোনা ভাইরাসে ইরানে মৃত্যুর মিছিল

প্রাণঘাতী করোনা ভাইরাসে ইরানে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৪ জন। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন মোট ২৯২ ইরানি।

মঙ্গলবার (১০ মার্চ) টেলিভিশনে দেয়া এক ভাষণে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপোর এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরানে নতুন করে আরও ৮৮১ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। ফলে প্রাণঘাতী এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪২ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা যাদের হারিয়েছি তাদের চেয়ে প্রায় ১০ গুণ অর্থাৎ ২ হাজার ৭৩১ জন সুস্থ হয়েছেন। তারা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন।

চীনের পর ইতালি এবং ইরানে করোনাভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব শুরু হয়েছে। সর্বোচ্চ সংখ্যক ২ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন রাজধানী তেহরানে। দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে মাজানদারান প্রদেশে। দেশটির উত্তরাঞ্চলীয় এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৮৮৬।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর