করোনাভাইরাস: ৩০ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর জরুরী বৈঠক

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস নিয়ে বাংলাদেশে কর্মরত বিশ্বের ৩০টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে এক জরুরি বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১০ই মার্চ) সন্ধ্যায়, রাজধানীর বনানীস্থ স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে এ বৈঠক হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে বৈঠকে আমেরিকা, চীন, জাপান, ইতালি, ইরান, ভারতের রাষ্ট্রদূতসহ মোট ৩০ জন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ এসময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনাভাইরাসের ফলে বর্তমান সময়ে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন এবং করোনাভাইরাসের ফলে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক বজায় রেখে এই ভাইরাস মোকাবিলায় একযোগে কাজ করার কথা তুলে ধরেন। এসময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ তাদের নিজ নিজ দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন।

আমেরিকা সরকারের পক্ষ থেকে রাষ্ট্রদূত রবার্ট মিলার এসময় করোনা ভাইরাসে তার দেশের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন এবং বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা প্রসঙ্গে আলোচনা করেন। আমেরিকার রাষ্ট্রদূত এসময় বাংলাদেশ সরকারকে করোনাভাইরাস মোকাবেলায় আগামী দুইদিনের মধ্যে আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।

চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, ইতালিসহ আক্রান্ত অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা আদান-প্রদানে পরবর্তী করনীয় বিষয়ে রাষ্ট্রদূতগণ স্বাস্থ্যমন্ত্রীকে তাদের অভিমত ব্যক্ত করেন। স্বাস্থ্যমন্ত্রী এ প্রসঙ্গে উপস্থিত সকলকে বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে বলে জানান। বিদেশি কূটনীতিক ও আগন্তকদের সঙ্গে করোনাভাইরাস নিয়ে কোথায় কিভাবে যোগাযোগ করতে হবে সে বিষয়েও মন্ত্রীসভায় দিক নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত সকল রাষ্ট্রদূত এসময় সন্তুষ্টি প্রকাশ করেন ও একে অপরের সঙ্গে সহযোগিতাপুর্ণ সম্পর্কের ব্যাপারে একমত পোষণ করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর