মানিকগঞ্জে করোনাভাইরাসের বাড়তি সর্তকতার জন্য বিদেশ ফেরত ৫৯ জন ব্যক্তিকে নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থা (হোম কোয়ারেন্টাইন) রাখা হয়েছে। তাদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখছে স্বাস্থ্য বিভাগ।
জেলার সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকাল পযন্ত ইতালী, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে মানিকগঞ্জের ৫ উপজেলায় ৫৯ জন ব্যক্তি বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৪ জন নারীসহ ৩২ জন, সাটুরিয়া উপজেলায় ১৮ জন, শিবালয়ে ৬ জন, দৌলতপুরে ২ জন এবং সিঙ্গাইর উপজেলায় ১ জন ব্যক্তি রয়েছে। বিদেশ ফেরত ওই ব্যক্তিদের নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থাপনায় রাখা হয়েছে।
যাতে তারা বাইরে অবাধে চলাফেরা না করে এজন্য নিষেধ করা হয়েছে। তবে তারা সবাই সুস্থ আছেন এবং শারীরিক কোন সমস্যা পাওয়া যায়নি। ওই সকল ব্যক্তি এবং তাদের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
জেলা প্রশাসক এস.এম ফেরদৌস জানান, বিদেশ ফেরত ওই ব্যক্তি ও পরিবারের কাউকে আপাতত বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। তাদের কোন স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে তাৎক্ষনিকভাবে হাসপাতাল কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
এদিকে মানিকগঞ্জে করোনা ভাইরাস মোকাবেলায় প্রতিরোধ ও আক্রান্ত ব্যক্তিদের তাৎক্ষনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে মঙ্গলবার জেলা সদর হাসপাতালে ১২ শয্যা করোনা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। হাসপাতালের পুরাতন ভবনের দোতলায় একটি বড় আয়তনের কক্ষে এই ইউনিট খোলা হয়।
বার্তাবাজার/এসজে