করোনার আতংকে দশম রসায়ন অলিম্পিয়াড প্রতিযোগিতা স্থগিত

করোনা আতঙ্কে স্থগিত হলো দশম রসায়ন অলিম্পিয়াড চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতা। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবে দশম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড চট্টগ্রাম অঞ্চলের আয়োজক কমিটির পক্ষ হতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে অলিম্পিয়াড (চট্টগ্রাম অঞ্চল) আয়োজক কমিটির কনভেনার ড. জামালউদ্দিন আহমেদ বলেন,“দেশের করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতার স্বার্থে দেশব্যাপী ১৩ মার্চে অনুষ্ঠেয় প্রতিযোগিতা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রসায়ন সমিতি।”

তিনি আরো বলেন, “চট্টগ্রাম অঞ্চলের অলিম্পিয়াডে ৩০০ কলেজের আড়াই হাজার প্রতিযোগী অংশগ্রহণের কথা ছিল। যেখানে অলিম্পিয়াডের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি ও সাবেক মুখ্য সচিব মোহাম্মদ আব্দুল করিম উপস্থিত থাকার সম্মতিও দিয়েছিলেন। তবে করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মুজিবববর্ষ উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠান সীমিত করায় রসায়ন অলিম্পিয়াড চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতা ও প্রতিযোগিতা সংশ্লিষ্ট সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিযোগিতার পরিবর্তিত তারিখ পরবর্তীতে সময়মত সকলকে জানিয়ে দেওয়া হবে।”

উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অলিম্পিয়াড আয়োজিক কমিটির (চট্টগ্রাম অঞ্চল) সদস্য সচিব অধ্যাপক এনকেএম আকবর হোসাইন, রসায়ন সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক বেনু কুমার দে, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ ইদ্রিস আলী, আঞ্চলিক কমিটির প্যাট্রন আবুল হাসেম, সদস্য অধ্যাপক বন গোপাল চৌধুরী অধ্যাপাক জাহাঙ্গীর আলম ও অধ্যাপক সুভাষ চন্দ্র দাশ সহ প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর