করোনা সম্পর্কে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের জরুরী বৈঠক

চট্টগ্রামে করোনা ভাইরাস মোকাবেলায় জরুরি বৈঠক করেছেন চট্টগ্রামে স্বাস্থ্য বিভাগের সিনিয়র কর্মকর্তারা। মঙ্গলবার ( ১০ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতালের পরিচালকের অফিস কক্ষে এ বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.হাসান শাহরিয়ার কবীর বলেন, “পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ব্যক্তি সচেতনতাই হলো এ রোগের প্রতিরোধক। সঠিক পদ্ধতিতে হাঁত মুখ ধুতে হবে, ময়লা আবর্জনা জমিয়ে রাখা যাবেনা, ময়লা জামা কাপড় দ্রুত ধুয়ে নিতে হবে, ডিম/মাছ/মাংস রান্না করার সময় ভালো করে সেদ্ধ করে নিতে হবে, শাক সবজি ভালো করে ধুয়ে রান্না করতে হবে।”

তিনি আরো বলেন, “দেশে এ যাবত ৩ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়লেও চট্টগ্রামের জন্য আশার বিষয় হলো চট্টগ্রামে এখন পর্যন্ত কোন করোনা রোগে আক্রান্ত কাহকে পাওয়া যায়নি। তবুও সারাদেশে করোনার সম্পর্কে যে কোন সাহায্য সহযোগিতা পেতে বেশ কয়েকটি হটলাইন নাম্বার দেওয়া হয়েছে।”

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বী বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সতর্কতা হিসেবে চট্টগ্রাম জেলার জন্য সিভিল সার্জনের কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এছাড়া প্রতিকূল পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি স্বরূপ চট্টগ্রামে সন্দেহজনক রোগীদের বিশেষ ব্যবস্থায় আলাদা রাখার (কোয়ারেন্টাইন) জন্য প্রস্তুত করা হচ্ছে দুটি স্কুল। সেগুলো হলো, চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীর পি এইচ আমিন একাডেমি এবং চান্দগাঁওয়ের সিডিএ পাবলিক স্কুল। করোনা ভাইরাসে আক্রান্তদের সামলাতে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় এক হাজার ৪০০ বেড প্রস্তুত করা হয়েছে। ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাহাড়ের ওপরে আলাদা ব্লকে ১০০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এখন একটি আইসোলেশন ওয়ার্ড আছে, সেখানে শয্যা আরও বাড়ানোর চিন্তা রয়েছে। চট্টগ্রাম সিটিতে ৩৫০ বেড ও উপজেলায় ১ শত বেড প্রস্তুত রাখা হয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মহসিন উদ্দিন আহমদ, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর, বাংলাদেশ ইনস্টটিউট অব ট্রপিক্যাল ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি), ফৌজদারহাট, চট্টগ্রামের পরিচালক অধ্যাপক ডাঃ এম. এ হাসান, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ অসীম কুমার নাথ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোহাম্মদ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর