গোপালগঞ্জে শিক্ষা সফরের বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঢাকাস্থ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ মোট ১৪জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আহত শিক্ষক সৈয়দা ফাহিমা (৩৫), শিক্ষার্থী শাহরিয়ার (১৮) ও আবু নাফিম চৌধুরী (১৯) সহ তিন জনকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সড়ক দুর্ঘটনায় আহত অন্যরা হলেন শিক্ষার্থী আহসান(১৭), আঃ রহমান (২০), সাইমন (২০) তাওহীদ আহমেদ(১৮), সৈয়দ মাহিদ(২০), অন্তর (১৮), রবিউল ইসলাম (২০), মাহমুদ (১৭), ও আরাফাত (১৮) ।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানান গোপালগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে শিক্ষক সৈয়দা ফাহিমা’র বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা খবর পেয়ে সকলকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করি।
এদের মধ্যে গুরুতর আহত শিক্ষক ও ২ শিক্ষার্থীসহ মোট ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরা শংকা মুক্ত রয়েছে।
বার্তাবাজার/এসজে
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।