‘ভুট্টা থেকে তেল তৈরি করতে পারলে বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে’

বাংলাদেশে যে পরিমাণ ভুট্টা চাষাবাদ হয় তার থেকে যদি নিত্য প্রয়োজনীয় সয়াবিন জাতীয় তেল তৈরি করার মেশিন বাংলাদেশে তৈরি করা হয় তাহলে বাংলাদেশকে আর তেল আমদানি করতে হবে না বরং নিজেদের তৈরিকৃত তেলেই বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে সোনার বাংলায় পরিণত হবে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সিটিটিউটের আয়োজনে ভুট্টা ও গম উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আন্তার্জাতিক খ্যাতি সম্পন্ন, এমিরিটাস সাইন্টিস্ট ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ড. কাজী এম বদরুদ্দোজা এ কথা বলেন।

ভুট্টা ও গম উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমিই প্রথম বাংলাদেশে গম ভুট্টার প্রচলন নিয়ে আসছি। আমাদের দেশে যখন শুধু ধান চাষ হত তখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম না। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আমাদের গম ও ভুট্টা বিরাট ভূমিকা পালন করেছে। বর্তমানে গম ও ভুট্টার চাষ করে আমরা যেমন কৃষিতে লাভবান হচ্ছি তেমনি আগামীতে এই ভুট্টা থেকে তেল তৈরি করে এদেশের তেলের চাহিদা পূরণ করা সম্ভব। আমাদের এখন সেই তেল তৈরি করার মেশিনটা আবিষ্কার করতে হবে।

যদিও উন্নত দেশে এই মেশিনের প্রচলন আছে তথাপি আমি চাই বাংলাদেশে যারা ভুট্টা গবেষণার সাথে জড়িত আছে তারা নিজেরাই এই মেশিনটি তৈরি করে ভুট্টা থেকে তেল উৎপাদন করতে পারে।

তিনি বলেন, আমি প্রথমে দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় ভুট্টা চাষের জন্য ওই এলাকার সাওতাঁলদের উদ্বুদ্ধ করেছিলাম। তাদের কাছ থেকেই পরবর্তীতে ভুট্টার বীজ এনে দেশের অন্যান্য এলাকায় ছড়িয়ে দেই। তৎকালিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এসব কাজে অনেক সহযোগিতা করেছিলেন।’

ভুট্টা ও গম উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সিটিটিউটের মহাপরিচালক ড. মো. এছরাইল হোসেন। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সিটিটিউটের কৃষি বিজ্ঞানী ও স্থানীয় কৃষকরা।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইন্সিটিটিউটের মহাপরিচালক ড. মো. এছরাইল হোসেন বলেন, ‘আমরা চেষ্টা করছি আন্তার্জাতিক খ্যাতি সম্পন্ন কৃষি বিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজা স্যারের নির্দেশনা পালন করার। তিনি কৃষি ক্ষেত্রে বাংলাদেশে যে অবদান রেখেছেন তা অপকল্পনীয়। আমরা ভুট্টা থেকে তেল তৈরি করার মেশিন আবিষ্কারের চিন্তা করছি। এজন্য আমাদের সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতার প্রয়োজন। ভুট্টা থেকে তেল আবিষ্কার করতে পারলে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।’


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর