এন্টি র্যাগিং স্কোয়াড গঠনের দাবিতে জাবি ছাত্র ইউনিয়নের মিছিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের উপর র্যাগিং প্রতিরোধে এন্টি র্যাগিং স্কোয়াড গঠনের দাবি জানিয়ে মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ। এছাড়াও সিট সংকট নিরসন ও র্যাগিং বন্ধ করার দাবি জানান সংগঠনটি।
মঙ্গলবার (১০ মার্চ) নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে সমাজবিজ্ঞান অনুষদ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাংগঠনিক সম্পাদক তাসবিবুল গণি নিলয়ের সঞ্চালনায় সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, ‘মেনে নেয়া দাবি অনুযায়ী তদারক কমিটি, বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে মাস্টারপ্ল্যান পর্যালোচনা করে হল নির্মাণে গেলে চুরি-বাটপারির সুযোগ কমে যায়। তাই তড়িঘড়ি করে হল নির্মাণে নেমেছে প্রশাসন।
কিছু বললেই বলা প্রশাসন বলবে, এরা উন্নয়নবিরোধী! নিজেদের দুর্নীতির পথে হাঁটাকে জাস্টিফাই করতে ইচ্ছাকৃতভাবে নবীন শিক্ষার্থীদের এই পরিস্থিতিতে ফেলেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এসময় তিনি ছাত্র ইউনিয়নের কর্মীদের যে যেই হলে আছে, তাদের রুমে নবীন শিক্ষার্থীদের জায়গা দেয়ার নির্দেশ দেন। দুই জনের রুমে দরকার পড়লে চারজন থাকার কথা বলেন।’
সমাপনী বক্তব্যে সভাপতি মিখা পিরেগু বলেন ‘অবিলম্বে হাইকোর্ট নির্দেশিত এন্টি র্যাগিং স্কোয়াড গঠন করতে হবে। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের দ্বারা কোনো নবীন শিক্ষার্থী র্যাগিং এর শিকার হলে ছাত্র ইউনিয়ন এর দাঁত ভাঙা জবাব দিবে।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগিং বন্ধে এন্টি র্যাগিং স্কোয়াড ও কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১২ জানুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এবং আগামী তিন মাসের মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি র্যাগিং থেকে শিক্ষার্থীদের রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বার্তাবাজার/এমকে