নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন
বিশ্ববিদ্যালয়ে বেপরোয়া গাড়ি চালানো বন্ধ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
জানা যায়, গত ৮ ই মার্চ বিকেল সাড়ে ৪ টার দিকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত ক্যাম্পাসের ডায়না চত্বরে বাসের জন্য অপেক্ষা করছিল। এসময় একটি বেপরোয়া বাইক এসে তার গায়ে তুলে দেয়। ফলে আরাফাতের দুটি পা মারাত্মক ভাবে ভেঙে যায়। সে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে দাবীতে শিক্ষার্থীদের এ মানববন্ধন।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে, স্বপ্ন পূরনের জন্য এসেছি পঙ্গু হতে নয়, ক্যাম্পাসে রক্তপাত বন্ধ করো, জীবনের নিরাপত্তা নিশ্চিত করো প্রভৃতি লেখা সংবলিত বিভিন্ন পোস্টার দেখা যায়।
এসময় বক্তারা, আহত শিক্ষার্থীর চিকিৎসার জন্য প্রশাসনের সকল ক্ষতি পূরণ প্রদানের পাশাপাশি ক্যাম্পাসে চলমান সকল যানবাহনের গতিকে নিয়ন্ত্রণে আনা, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার যানবাহনের গতিসীমা ঘন্টায় ২০ কিঃমি করা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও হলের সামনে স্প্রিড ব্রেকার স্থাপনের দাবি জানান।
পরে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর সাথে দেখা করে শিক্ষার্থীরা। এসময় ঘটনার তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহবান জানানো হয়।
বার্তাবাজার/এমকে