ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় টিভি তারকা ও নাট্য অভিনেতা লিটু আনামের বাড়ি্তে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ মুল্যবান মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোররাতে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া শিশুপার্ক সংলগ্ন তার পৈত্রিক বাড়িতে চাঞ্চল্যকর এ চুরির ঘটনা ঘটে।

পারিবারিক সুত্রে জানাযায়, গত সোমবার দুপুরে খাবার খেয়ে লিটু আনাম ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বাড়িতে তার বড় ভাইয়ের স্ত্রী খায়রুন হাফিজা বিভা ও তার অসুস্থ্য মা সালেহা খাতুন ছিলেন। বিকেলের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। এর পরে তারা সেদিন আর জাগনা পাননি তাই রাতের খাবারও খেতে ওঠেননি।
পরের দিন মঙ্গলবার ভোরে লিটু আনামের বড় ভাইয়ের স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন বাড়ির সব জিনিসপত্র আগোছালো ও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরে তিনি সবাইকে খবর দেন।
লিটু আনামের বড় ভাই সাবেক পৌর কমিশনার পাভেজ আনাম জানান, পারিবারিক কাজে আমি ঢাকায় অবস্থান করছিলাম। ঘটনার দিন বাড়িতে কোন পুরুষ মানুষ ছিলোনা।
দুর্বৃত্তরা খাবারের সাথে চেতনা নাশক কিছু মিশিয়ে দিয়েছিলো বলেই আমার মা ও স্ত্রী এতো লম্বা সময় তারা অচেতন ছিলেন। লিটুর সাথেও কথা বলে আমি বিষয়টি নিশ্চিত হয়েছি, কারন ঢাকায় ফেরার পরও তার তন্দ্রা কাটছিলোনা। বাসার লোকেদের কাছে জেনেছি প্রায় ৬০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ২ লক্ষ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম জানান, আমরা মৌখিক ভাবে তার পরিবার থেকে অভিযোগ পেয়েছি। লিটু আনাম ও তার বড় ভাই পারভেজ আনাম ঢাকা থেকে ফেরার পরে লিখিত অভিযোগ দেবেন বলে জেনেছি। তবে আমরা তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অপরাধীদের ধরতে ও মালামাল উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছি।
বার্তাবাজার/এমকে