প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় একসঙ্গে বিষপান করেছে প্রেমিক-প্রেমিকা। পরে দুজনকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বরিশালেরে উজিরপুর উপজেলার ভাউধর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রেমিকের নাম প্রকাশ বিশ্বাস (১৭)।তার বাবার নাম পরিমল বিশ্বাস। তারা আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে বসবাস করে। আর প্রেমিকা পূজা বৈরাগী (১৬) একই ইউনিয়নের মোহনকাঠী গ্রামের হীর লাল বৈরাগীর মেয়ে। সে মোহনকাঠী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা বলেন, প্রকাশ এবং পূজার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরিবারকে বিষয়টি জানালে তাদের সম্পর্ক মেনে নেয়নি। সোমবার সকালে উজিরপুর উপজেলার ভাউধর গ্রামে প্রকাশের মামা নিহার বাড়ৈর বাড়িতে যায় প্রকাশ ও পূজা। সেখানে দুপুরে তারা আত্মহত্যার জন্য একসঙ্গে বিষপান করে। পরে তাদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে স্বজনরা।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বখতিয়ার আল মামুন বলেন, দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টার আগে তাদের নিয়ে কিছুই বলা যাবে না। তবে প্রকাশের চেয়ে পূজার অবস্থা একটু খারাপ বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই চিকিৎসক।
বার্তাবাজার/কেএ