মুশফিকের পাকিস্তান সফর থেকে সরে যাওয়ার বিষয়টি সহজভাবে নিতে পারেনি পাকিস্তান। প্রথম দুই দফায় না গেলেও অন্তত শেষ দফায় পাকিস্তান সফরে যাবেন তিনি, এমন আশা দেশটির ক্রিকেট সমর্থক থেকে শুরু করে খেলোয়াড়দেরও।
মি. ডিপেন্ডেবলকে নিয়ে তাই কথা হচ্ছে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। ৭ মার্চ রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড আর পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচ শেষে আলোচনায় উঠে মুশফিকের নাম।
ম্যাচের পর পিএসএলের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে পেশোয়ার জালমির পেসার হাসান আলি জানান, নিরাপত্তা নিয়ে ক্যারিবীয় কার্লোস ব্রাথওয়েটের মতো বিদেশি খেলোয়াড়রা বেশ সন্তুষ্ট আছে। সেখানেই কথা বলতে বলতে এক সময় চলে আসে মুশফিকের নাম।
মুশফিককে নিয়ে হাসান আলি বলেন, ‘কার্লোস ব্রাথওয়েট আজ (ম্যাচের দিন) আমাকে জিজ্ঞেস করেছিল, বাংলাদেশের প্লেয়ার মুশফিকুর রহীম পাকিস্তানে আসছে না কেন? আমি তাকে বললাম, আমি ঠিক বলতে পারবো না। কিন্তু তার অবশ্যই আসা উচিত, তাদের পুরো দল যেভাবে এসেছে। কার্লোস ব্রাথওয়েটও বলছিল, মুশফিকের আসা উচিত। কারণ পাকিস্তান এখন একটি নিরাপদ দেশ।’
বার্তাবাজার/কেএ