খালেদার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। গত বুধবার খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী বরাবর এ চিঠি দেন। তিনি আরও জানান খালেদা জিয়ার অনুমতি নিয়েই এ চিঠি দেয়া হয়েছে।
চিঠিতে কী লেখা হয়েছে
খালেদা জিয়ার মুক্তি চেয়ে সরকারকে দেয়া ওই চিঠিতে কী লেখা আছে? এমন প্রশ্নে বিবিসিকে সেলিমা ইসলাম জানিয়েছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আমরা চিঠি দিই, ঐ চিঠিতে আমরা লিখেছি যে, আমরা পরিবারের সদস্যরা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে চাইছি।
তার জন্য অবশ্যই তাকে মুক্তি দিতে হবে। তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য মানবিক কারণে মুক্তির বিষয়টি বিবেচনা করা হোক।’ এ ছাড়া খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রতিনিয়ত খারাপ হচ্ছে। সে বিষয়টিও তারা চিঠিতে বিস্তারিত তুলে ধরেছেন বলে জানান তিনি।
সেলিমা ইসলাম আরও বলেন, ‘দুদিন আগেই আমরা পরিবারের সদস্যরা যখন হাসপাতালে তাকে দেখলাম, তিনি উঠে দাঁড়াতে পারছিলেন না। তার বাঁ হাত আগেই বেঁকে গেছে। ডান হাতও বেঁকে গেছে প্রায়। তার হাঁটুতে ও কোমরে ব্যথা। খেতে পারছেন না। অবস্থা খারাপ থেকে খারাপ হচ্ছে। মেডিকেল বোর্ড সঠিক তথ্য দিয়ে প্রতিবেদন দিতে পারছে না। এ বিষয়গুলোও আমরা তুলে চিঠিতে ধরেছি।’
খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড কিছু দিন আগে আদালতে সর্বশেষ যে রিপোর্ট দিয়েছিল, সেটি এবং আগের দুটি প্রতিবেদনে স্বাস্থ্য নিয়ে যেসব তথ্য এসেছে, সেগুলোও পরিবারের সদস্যদের চিঠিতে তুলে ধরা হয়েছে।
এ ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, তার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে পাঠানো বিএনপি নেত্রীর পরিবারের দুটি চিঠিই নিয়ে আইন মন্ত্রণালয় এখন আইনগত দিক খতিয়ে দেখছে।
চিঠির বিষয়ে তিনি জানান, তারা চিঠিতে লিখেছেন– সম্পূর্ণ মানবিক বিবেচনায় কারাগারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের নির্বাহী আদেশে লন্ডনের আধুনিক সুবিধাসংবলিত হাসপাতালে চিকিৎসা গ্রহণের সুযোগ দানের আবেদন। এটি চিঠির মর্মকথা।’
বার্তাবাজার/কেএ