চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের নির্বাচনী প্রচারণার শুরুতেই আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ মার্চ) নগরীর ৫ নং মোহরা ওয়ার্ডে রঙিন ব্যানার টাঙ্গানোর দায়ে মোহাম্মদ আলম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাচন কমিশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহম্মেদ অনিকের নেতৃত্বে পরিচালিত নির্বাচনী সতর্কতামূলক অভিযানে ৫ নং মোহরা ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিমের পক্ষে মোহাম্মদ আলম নামে এক ব্যক্তিকে ৩ মিটারের চেয়ে বড় ও রঙিন ব্যানার লাগাতে দেখা যায়। যা কিনা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী রঙিন পোস্টার লাগানোর নিষেধাজ্ঞার পাশাপাশি পোস্টারের সাইজ নিয়েও রয়েছে বিশেষ নীতিমালা। নির্বাচনী ব্যানারের সাইজ ৬০ ইঞ্চি ও ৪৫ ইঞ্চির চেয়ে বড় করা যাবেনা। যা অমান্য করাতে উক্ত আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থক/কর্মীকে পাঁচ হাজার টাকার জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহম্মেদ অনিক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক বলেন, আজ যেহেতু প্রচারণার প্রথম দিন এবং সতর্কতামূলক অভিযান। সেহেতু ৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এমন কিছু ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নগরীতে সতর্কতামূলক অভিযান পরিচালনায় আজ আরো সাত জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন।
বার্তা বাজার / ডব্লিও.এস