নভেল করোনাভাইরাসের কারণে ভারতের তাজমহল সাময়িক বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন আগ্রার মেয়র। তবে, কেন্দ্রীয় সরকার এখনও আগ্রার মেয়রের প্রস্তাবে সাড়া দেয়নি।
আগ্রার মেয়র নবীন জৈন তার প্রস্তাবে বলেছেন, করোনার আতঙ্ক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আগ্রার তাজমহল মার্চ মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বন্ধ রাখা হোক। কারণ এটি দেখতে প্রচুর বিদেশি পর্যটক আগ্রা আসেন, এতে নগরীতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়ে যায়।
তিনি আরও বলেন, দেশের সব গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলো এখনই পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া উচিত। যতক্ষণ না পর্যন্ত করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে না আসে।
তাজমহল দেখতে প্রতিদিনই আগ্রায় আসেন দেশি-বিদেশি হাজারো পর্যটক।
জানা গেছে, এরই মধ্যে আগ্রায় করোনায় আক্রান্ত হয়ে ছয় ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা জুতা রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত। গত মাসে তারা ইতালির মিলানে জুতার এক প্রদর্শনীতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর তাদের দিল্লি রামলোহিয়া এবং সফদার জং হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আগ্রার ওই ছয় ব্যক্তির করোনায় আক্রান্তের কথা নিশ্চিত করেছে।
বার্তাবাজার/কে.জে.পি