নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) এর শিক্ষার্থীরা ৷ ক্লাসরুমসহ নানা ঘটনায় কয়েকদিন পর পর হচ্ছে বিভাগের সাথে বিভাগের সংঘর্ষ৷
এর মাঝেই চলছে একাডেমিক কার্যক্রম ৷ সঠিক সমাধানের চেষ্টা চালালেও রুম স্বল্পতা এবং স্থায়ী উপাচার্যের অভাবে সংকট সমাধানের পথ এগোচ্ছে না ৷
একদিনের ব্যবধানে পর পর দুইটি সংঘর্ষের ঘটনা ঘটেছে ৷ রবিবার বেলা ১২টার দিকে ক্লাস রুম এবং অফিস রুমের মধ্যকার জায়গার অসমবন্টণ নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে । এসময় পার্শ্ববর্তী বিভাগ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষার্থীদের সাথেও হাতাহাতির ঘটনা ঘটে ৷
তার ঠিক পরের দিন সোমবার ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের সাথে কর্মকর্তা-কর্মচারীদের সাথে হাতাহাতি এবং ঐ বিভাগের শিক্ষার্থীদের শিবির বলায় উপাচার্যকে অরুদ্ধ রাখার ঘটনা ঘটে ৷
এর আগে ২ ফেব্রুয়ারী রবিবার জুনিয়র এক মেয়েকে ফোন করাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে ৷ এতে কয়েক বিভাগের ক্লাসরুম ভাঙচুরের শিকার হয় ৷
প্রতিনিয়ত এমন ঝামেলায় শিক্ষার্থীদের মাঝে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে ৷ পরিস্থিতি বুঝে থেমে থেমে ক্লাস হওয়ায় সেশন জটের সম্ভাবনা রয়ে যাচ্ছে ৷ এখনও দেয়া হয়নি সেমিস্টার ভর্তির নোটিশ ৷ একাডেমিক কার্যক্রম প্রায় বিপর্যস্ত ৷
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “বঙ্গবন্ধুর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা আজ শিক্ষার নামে প্রহশনের শিকার হচ্ছি প্রতিনিয়ত। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই, নেই কোন নিরাপত্তা। ক্যাম্পাসের গেট পেরোলেই আমরা যে কোন হামলার শিকার হব না এর কোন নিশ্চয়তা নেই। এর আগে বিনা কারণে বেশ কয়েকবার স্থানীয় লোকজনের সাথে ঝামেলা হলেও এর সুষ্ঠু বিচার পাইনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকতারা নানাবিধ আশ্বাস প্রদান করলেও একটিরও বিচার হয়নি এখনো। এমতাবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়ে বলেন, “ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে আমাদের যথাযথ নিরাপত্তার ব্যাবস্থা করা হোক ৷”
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরে আসুক সেই আশাই সকল শিক্ষার্থীদের৷
বার্তা বাজার / ডব্লিও.এস