এমপি মমতাজকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক আটক

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগমকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ায় মাছুম বিল্লাহ সোহাগ নামে সাতক্ষীরার এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার (৮ মার্চ) মধ্যরাতে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার যুবক মাছুম বিল্লাহ সোহাগ শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, ফেসবুকে এমপি মমতাজ বেগমকে উদ্দেশ করে আপত্তিকর স্ট্যাটাস দেন মাছুম বিল্লাহ। এ ঘটনায় এমপি মমতাজ বেগমের পক্ষে সিংগাইর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান সিংগাইর থানায় গত ৫ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

তিনি আরও বলেন, ওই মামলায় সিংগাইর থানা পুলিশ মাছুম বিল্লাহকে আটক করে নিয়ে যায়। সিংগাইর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার এ অভিযানে নেতৃত্ব দেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর