স্বামীর দায়ের করা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী !

চাঁদপুরে যৌতুকের দাবিতে স্বামীকে নির্যাতন করায় স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী। সোমবার (৯ মার্চ) দুপুরে মিনোয়ারা বেগম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চাঁদপুরের শাহরাস্তি আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান জামান এই নির্দেশ দেন।

জানা যায়, শাহরাস্তি উপজেলার বানিয়াচো এলাকার খন্দকার মনির হোসেনকে তার স্ত্রী মিনোয়ারা বেগম (২৫) ১০ লাখ টাকা যৌতু দাবি এবং বাড়ি করে দেয়ার জন্য প্রায় চাপ প্রযোগ করতো। বাধ্য হয়ে স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন খন্দকার মনির।

বাদী মনির হোসেন শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচোঁ গ্রামের মৃত খন্দকার আবু তাহেরের ছেলে এবং স্ত্রী মিনোয়ারা বেগম কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শাকপুর গ্রামের ইমান হোসেনের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, মনির ও মিনোয়ারা বেগম ২০১৩ সালে বিয়ে করেন। বিয়ের পর থেকে মিনোয়ারা স্বামী মনির হোসেনকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। এর মধ্যে ২০১৭ সালে মিনোয়ারা বাবার বাড়ি গিয়ে গোপনে অন্য ছেলেকে বিয়ে করে। দ্বিতীয় বিয়ের কথা গোপন করে কিছুদিন পর আবারও মনিরের সংসারে আসে। এক পর্যায়ে মিনোয়ারা মনিরের কাছে ১০ লাখ টাকা দাবি করে। এছাড়া বরুড়ায় একটি বাড়ি করার জন্যও মনিরকে চাপ প্রয়োগ করা হয়। এ নিয়ে ঝগড়া বিবাদ শুরু হলে স্বামীকে বেধড়ক পিটিয়ে আহত করে মিনোয়ারা। এসব ঘটনায় ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর মিনোয়ারার বিরুদ্ধে মামলা দায়ের করেন স্বামী।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মহসীন মিয়া জানান, ‘মনির হোসেনের মামলাটি আমলে নিয়ে আদালত শাহরাস্তি থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়াও মিনোয়ারার পুনরায় বিয়ে, তালাক, তথ্য গোপন করে আবারও বিয়ে ইত্যাদি বিষয়ের কাগজপত্র পর্যালোচনা করেন। এসব পর্যালোচনা শেষে আজ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর