চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় ইভিএম মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি চট্টগ্রামে আনা শুরু হয়েছে।
প্রথমবারের মত ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে শুরু হতে যাওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রয়োজনীয় ইভিএম মেশিন ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি সরঞ্জামের প্রথম চালানে ৪ হাজার ইভিএম মেশিন ও সরঞ্জাম এসে পৌঁছেছে চট্টগ্রামে।
সোমবার (৯মার্চ) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে ৪ হাজার ইভিএম মেশিন ও সরঞ্জাম আনা হলে তা চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তারা নিজ দায়িত্বে বুঝে নেন। বাকি মেশিন ও সরঞ্জাম পর্যায়ক্রমে নিরাপদে আনা হবে বলে জানান নির্বাচন অফিসার শিমুল শর্মা।
উল্লেখ্য, এবারের সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেনসহ মোট ৬ জন মেয়র, ১৬১ জন সাধারণ ওয়ার্ডর কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া চসিক নির্বাচনে এবারের মোট ভোটার সংখ্যা হলো ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন। যেখানে পুরুষ ভোটার ৯ লাখ ৯৮ হাজার ৭২৩ জন এবং নারী ভোটার ৯ লাখ ৫২ হাজার ৩২৯ জন।
ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন নিয়ে বিরোধী দলসহ বিভিন্ন মহলে অনাস্থা ও আশঙ্কা প্রকাশ করলেও নির্বাচন কমিশন হতে বলা হয়েছে ভিন্ন কথা। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, “ইভিএম’এ কারচুপির কোন সুযোগ নেই। বরংচ ইভিএম পদ্ধতিতে ভোট হলে তা স্বচ্ছ ও সুন্দর হওয়ার নিশ্চয়তা রয়েছে। এছাড়াও ইভিএম এর কারিগরী দিক পর্যবেক্ষণে সেনাবাহিনীর সদস্যরা (নিরস্ত্র) দায়িত্ব পালন করবেন। কাজেই ইভিএম পদ্ধতি নিয়ে আপত্তির কিছু নেই।”
বার্তা বাজার / ডব্লিও.এস