চসিক নির্বাচন : ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহবান ডাঃ শাহাদাতের

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহবান জানালেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন।

সোমবার (০৯ মার্চ) বিকালে চট্টগ্রামের প্রখ্যাত অলি শাহ আমানত (রহঃ) মাজার জেয়ারত শেষে তিনি এ কথা বলেন।

সোমবার সকালে মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দের পর বিকালে লালদীঘি রোডস্থ শাহ আমানত খান (রহঃ) মাজার জেয়ারত করতে যান বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ও মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন। মাজার জেয়ারত শেষে গণসংযোগ শুরু করার সময় দলীয় নেতা কর্মী সহ সমর্থক ও সাধারণ জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, “ভয় পাওয়ার কিছু নেই। সকলে নিজ নিজ কেন্দ্রে ভোট দিতে যাবেন। প্রতিটি কেন্দ্রে আমাদের নেতাকর্মীরা আপনাদের সেবায় নিয়োজিত থাকবে।”

তিনি আরো বলেন, “নির্বাচনে জয়ী হলে আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। চট্টগ্রামের উন্নয়নে কোন মতভেদ না করে আমি সরকারের সাথে মিলে কাজ করবো। কোন প্রার্থীকে আমি খাটো করে দেখিনা। তবে আমার বিশ্বাস আমি জয়ী হলে চট্টগ্রামের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা ও পরিশ্রম করার পাশাপাশি দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করবো।”

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বানিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, এসএম সাইফুল সহ প্রমুখ নেতাকর্মী।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর