করোনা ভাইরাস প্রতিরোধে পঞ্চগড়ে জরুরী সভা

পঞ্চগড়ঃ পঞ্চগড়ে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ০৯ মার্চ ) বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে জরুরী সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট,অতিরিক্ত পুলিশ সুপার মো নাঈমুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান,সিভিল সার্জন ডাঃ মো ফজলুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ।

জরুরী সভায় জেলার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, বেসরকারি এনজিও,জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ।

এ সময় বক্তারা বলেন সারা বিশ্বে বর্তমানে করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে।বাংলাদেশেও ৩ জন আক্রান্ত হয়েছে। আমাদের সকলকে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। যাতে করে এ ভাইরাস ছড়াতে না পারে। এছাড়া জরুরী সভায় করোনা ভাইরাস নিয়ে অহেতুক আতঙ্কিত না হতে সচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।

পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান জানান, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চার তলায় পাঁচটি রুমে ১০ টি আইসোলেশন ইউনিট গঠন করা হয়েছে।জরুরী সমস্যা মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগ সবসময় প্রস্তুত রয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর