ময়মনসিংহে বেশী দামে মাস্ক বিক্রি করায় জরিমানা
ময়মনসিংহে বেশী দামে মাস্ক বিক্রি ও পণ্যের রশিদ সংরক্ষণ না করার অপরাধে দুইটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সার্জিক্যাল মাস্কের দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালায় জেলা প্রশাসন।
সোমবার (৯ মার্চ) দুপুরে নগরীর দুর্গাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান।
অভিযানে বেশী দামে সার্জিক্যাল মাস্ক বিক্রি ও পণ্যের চালান রশিদ না দেখাতে পারায় ওই এলাকার বায়োল্যাব সার্জিক্যাল ফার্মেসিকে ভোক্তা অধিকার আইনে দশ হাজার টাকা এবং এস কে মেডিসিন ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান বলেন, দোকানিদের মাস্কে অতিরিক্ত মুনাফা অর্জন করতে বারণ করা হয়েছে। কেউ যদি আইন ও নির্দেশনা অমান্য করে অতি মুনাফা এবং পণ্যের যথাযথ রশিদ সংগ্রহ-সংরক্ষণ না করে তাহলে আইন অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হবে। বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বার্তা বাজার / ডব্লিও.এস