টেন্ডারের গাছ কেড়ে নিলো ৫ ভ্যানযাত্রীর প্রাণ

ঢাকার ধামরাইয়ে রাস্তার পাশের টেন্ডারের গাছ কাটার সময় পথচারী ৫ (পাঁচ) ভ্যানযাত্রী নিহত এবং আরও ২ (দুই) জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার আঞ্চলিক মহাসড়কের বালিয়া ইউনিয়নের চৌরাস্তা- মাদারপুর এলাকায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নুরু মিয়া (৬৫), তার স্ত্রী কুলসুম বেগম (৬০), সামছুল হক (৭০), মাজেদা বেগম (৬৮) ও আয়শা খাতুন (৬৬)। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন পরিষদ থেকে আট যাত্রী বয়স্ক ভাতার কার্ড নিয়ে ভাড়ায় চালিত ভ্যানে করে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে যাচ্ছিলেন। পরে তাদের ভ্যানটি কাওয়ালীপাড়া বালিয়া আঞ্চলিক সড়কে পৌঁছলে সড়কের একটি কড়াই গাছ কাটার সময় ওই গাছটি ভ্যানের উপর পড়ে। এসময় ভ্যানে থাকা আট যাত্রীর মধ্যে পাঁচ জন ঘটনাস্থলেই নিহত হন। এসময় গুরুতর আহত হন আরও দুই জন।

স্থানীয়রা আহত দুই জনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কাওয়ালীপাড়া জনতা কল্যাণ ক্লিনিকে ভর্তি করে।

ঘটনার খবর পেয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আঞ্চলিক মহাসড়কের দু’পাশের টেন্ডারকৃত গাছ কাটার সময় রাস্তার পাশে নেই কোন নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটক করার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর