মাস্কসহ অন্যান্য চিকিৎসা সরাঞ্জমের দাম বাড়ালে মোবাইল কোর্ট পরিচালনা: হাইকোর্ট

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস প্রতিরোধে হাইকোর্ট একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন। মাস্ক-স্যানিটাইজারসহ সংশ্লিষ্ট চিকিৎসা সরঞ্জামের দাম বৃদ্ধি ঠেকাতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নজরদারির নির্দেশনা দিয়েছেন আদালত।

করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে নেয়া সরকারি পদক্ষেপের প্রতিবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি এফআরএম নাজমুল আহাসানের এক যৌথ বেঞ্চ সোমবার (৯ মার্চ) এ নির্দেশনা দেন।

করোনাকে কেন্দ্র করে মাস্কসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের মূল্য নিয়ে কেউ যাতে অনৈতিক ব্যবসা করতে না পারে, সে জন্য প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে মনিটর করার নির্দেশ দেয়া হয়েছে।

সব সরকারি হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসার জন্য আলাদা ইউনিট এবং সব বেসরকারি হাসপাতালে এ সংক্রান্ত সেল খোলার নির্দেশনা দেয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদফতরের দেয়া প্রতিবেদনে জানানো হয়।

পরে হাইকোর্ট নির্দেশনায় বলেন, দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে পর্যাপ্ত থার্মাল স্ক্যানার বসাতে হবে। বিশেষ করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি থার্মাল স্ক্যানারের মধ্যে দুটি নষ্ট থাকায় অবিলম্বে এগুলোকে সচল করতে হবে।

বিদেশ থেকে কেউ এলে সংশ্লিষ্ট ব্যক্তির শরীরে করোনাভাইরাস নেই- এ সম্পর্কিত (সংশ্লিষ্ট দেশের) নিশ্চয়তাপত্র থাকতে হবে বলেও নির্দেশনায় বলা হয়।

করোনা নিয়ে সরকার কী পদক্ষেপ গ্রহণ করেছে- গত ৫ মার্চ তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া প্রতিবেদনের ওপর শুনানি নিয়ে এসব নির্দেশনা দেয়া হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল-মাহমুদ বাশার। বিষয়টি হাইকোর্টের নজরে আনা আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান শুনানি করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর