টাঙ্গাইলের মির্জাপুরে বাস-ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে বাবা-মেয়েসহ ৫ জন নিহত হয়েছেন।সোমবার (৯ মার্চ) সকাল ১০ টার দিকে গোড়াই-সখীপুর সড়কের বেলতৈল বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
নিহতরা হলেন, উপজেলার বেলতৈল গ্রামের মাশরাফুল (৮), সোনাম উদ্দিন (৬০) গ্রামের হৃদয় (১৮), হাফিজ উদ্দিন (৬০) ও তার মেয়ে রেনু আক্তার (২৫)। নিহতরা প্রত্যেকেই সিএনজির যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুইজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সকালে সখিপুর থেকে হাঁটুভাঙার উদ্দেশে ছেড়ে আসা একটি দ্রুত গতির ট্রাক সামনে থাকা যাত্রীবাহী সিএনজিকে ওভারটেক করতে না পেরে সিএনজিটিকে চাপা দেয় এবং বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটিও দুমড়ে-মুচরে যায়। এ দুর্ঘটনায় সিএনজি উল্টে গিয়ে ঘটনাস্থলেই মারা যান সিএনজিতে থাকা হৃদয় ও মাশরাফুল। অপর যাত্রী সোনাম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। কিছুক্ষন পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফিজ উদ্দিন ও তার মেয়ে মারা যায়।
“ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান।
বার্তাবাজার/এসজে