শিশু সায়মা হত্যা: আসামি হারুনের মৃত্যুদণ্ড

রাজধানীর ওয়ারীতে সিলভারডেল স্কুলের নার্সারির ছাত্রী সামিয়া আফরিন সায়মাকে (৭) ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামি হারুন অর রশীদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর হত্যার ঘটনাকে লজ্জাজনক বলেছেন আদালত।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নান এ আদেশ দেন।

রায়ের পর রাষ্ট্র পক্ষের কৌঁসুলি আব্দুল বারি বলেন, আদালতে আমরা আসামিকে দোষী সাব্যস্ত করতে পেরেছি। তাই আদালত আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন। এছাড়া আদালত রায় ঘোষণার সময় জানান, এ ধরনের ঘটনা আমাদের জন্য লজ্জাজনক।

এদিকে সামিয়ার বাবা আব্দুস ছালাম রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে রায়ে ন্যায়বিচার পাইনি করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আনোয়ার উল্যা।

এর আগে গত বছরের ৫ জুলাই সিলভারডেল স্কুলের নার্সারির ছাত্রী সামিয়া আফরিন সায়মাকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। পরে ওই বাড়ির নবম তলার নব নির্মিত একটি খালি ফ্ল্যাটের ভেতর তার মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় পরদিন সামিয়ার বাবা আব্দুস সালাম বাদী হয়ে ওয়ারী থানায় একটি মামলা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই ভবনের ছয়তলায় পরিবারের সঙ্গে থাকত সায়মা। বাবা আব্দুস সালাম নবাবপুরের একজন ব্যবসায়ী। দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার ছোট সায়মা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর