ভূয়া দলিলে মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা

ফরিদপুরের বোয়ালমারীতে ভূয়া দলিলে মিথ্যা মামলা দিয়ে বীরমুক্তিযোদ্ধা পরিমল কুমার বণিককে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

প্রভাবশালী দালাল চক্র দিয়ে বিভিন্ন সময়ে হুমকি ধামকি ও সম্পত্তি দখলের চেষ্টা করছে বলে এ অভিযোগ উঠেছে সাতৈর জে.আই.ডি সিনিয়র মাদ্রাসার গণিত শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তীর বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের পাইকহাটি গ্রামে বীরমুক্তিযোদ্ধা পরিমল কুমার বণিক ও তার পরিবার ঘোষপুর মৌজার ৫৭৮৫/৮৬/৮৭/৯২/৯৩/৯৪ দাগের ২ একর ৬১ শতাংশ জমিতে বংশ পরম্পরায় প্রায় শত বছর ধরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে বসবাস করে আসছে।

এর মধ্যে ১ একর ৫ শতাংশ জমি নিজের দাবি করে ২০১৪ সালে সাতৈর ইউনিয়নের বেড়াদী গ্রামের সাতৈর জে.আই.ডি সিনিয়র মাদ্রাসার গণিত শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী তার পিতা শান্তি কুমার চক্রবর্তীকে দিয়ে ভূয়া দলিলে পরিমল গংদের বসত ভিটা দখলের চেষ্টা করে এবং ফরিদপুরের সহকারী জর্জ আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে।

দীর্ঘ চার বছর বিচার-বিশ্লেষণে শান্তি কুমার চক্রবর্তীর কাগজপত্র নকল ও ভুয়া প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত ২০১৮ সালে মামলাটি খারিজ করে দেন। পরবর্তীতে সঞ্জয় কুমার চক্রবর্তী ও তার পিতা শান্তি কুমার চক্রবর্তী আদালতের রায় উপেক্ষা করে বিভিন্ন সময়ে হুমকি ধামকি ও সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে। এতে বীরমুক্তিযোদ্ধা পরিমল কুমার বণিক ও তার পরিবার বিভিন্ন ভাবে হয়রানি শিকার হচ্ছে।

এ ব্যাপারে সঞ্জয় কুমার চক্রবর্তী বলেন, বিচারক আমাদের আর.এস রেকর্ড ও ১৯৪০ সালের দলিল বাতিল করায় আমরা মামলায় হেরে গেছি। যে কারণে পুনরায় আপিল করেছি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর