বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে দুইজন নারায়ণগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। তারা সম্পর্কে দুই ভাই। তারা দুই ভাই এবং একজনের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
আইইডিসিআর-এর নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্য জানানোর পরপরই বিকেল থেকেই নারায়ণগঞ্জ শহরের একটি বহুতল ভবনের ১৩ তলার একটি ফ্ল্যাটে বসবাসরত দুই সহোদর প্রবাসী ও তাদের একজনের স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়লে শহরময় আতঙ্ক দেখা দেয়।
ওই ভবনের একটি ফ্ল্যাটের বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ৫-৬ দিন পূর্বে দুই সহোদর ইটালী থেকে দেশে ফিরেছেন। দুই দিন পূর্বে স্বাস্থ্য বিভাগের লোকজন এসে তাদেরকে ঢাকায় নিয়ে যান। এরপর থেকেই গুঞ্জন ছিল তারা করোনাভাইরাসে আক্রান্ত। কিন্তু রবিবার বিকেলে আইইডিসিআর ঘোষণা দেয়ার পরে শহরময় গুঞ্জন ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ গণমাধ্যমে জানিয়েছেন, বাংলাদেশে যে তিনজন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে দুইজন নারায়ণগঞ্জের বাসিন্দা। তারা ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে নারায়ণগঞ্জের লোকজনদের আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন তিনি। সরকারিভাবে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেসব নির্দেশনা মেনে চলারও কথা বলেন তিনি ।
বার্তাবাজার/এসজে