প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে রবিবার আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। সেখানে আক্রান্তের সংখ্যা ৫৫০ জন। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩০টিতেই এ ভাইরাস সংক্রমিত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মরণঘাতী করোনা ভাইরাসে নিউ ইয়র্কে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়ানোর পর সেখানে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো।
গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কমিশনার ড. স্টিফেন হ্যান বলেন, করোনা ভাইরাস শনাক্তে তার প্রতিষ্ঠান এ পর্যন্ত অন্তত পাঁচ হাজার ৮৬১টি পরীক্ষা সম্পন্ন করেছে। তবে সিএনএন বলেন, প্রকৃতপক্ষে ড. স্টিফেন হ্যান-এর মন্তব্যের অর্থ এটা নয় যে, যুক্তরাষ্ট্রজুড়ে পাঁচ হাজার ৮৬১ জনকে পরীক্ষা করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে নিউ ইয়র্ক ছাড়াও অরেগন, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ইন্ডিয়ানা, কেন্টাকি, মেরিল্যান্ড, উতাহ এবং ওয়াশিংটনেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া সাউথ ক্যারোলাইনা, হাওয়াই, ওকলাহোমা, নেব্রাস্কা, মিনেসোটা ও পেনসিলভানিয়ার মতো রাজ্যগুলোতেও এ ভাইরাসের সংক্রমণ ঘটেছে। সূত্র: আল জাজিরা, রয়টার্স।
বার্তাবাজার/এমকে