জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আগামী ১৭ মার্চ আয়োজিত মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানে জনসমাগম হচ্ছে না। সেই সঙ্গে এই অনুষ্ঠানে আপাতত আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আমন্ত্রিত বিদেশি অতিথিরাও।
দেশে ৩ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর রোববার (৮ মার্চ) রাতে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
বিদেশি অতিথিদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবু নাসের বলেন, মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি অতিথিদের আসার কথা ছিল আপনারা জানেন। সেখানে আমাদের বন্ধু রাষ্ট্র থেকে শুরু করে অনেকের আসার কথা ছিল। কিন্তু তারা আপাতত আসবেন না। পরে বিদেশি অতিথিদের ডাকা হবে। যেহেতু আমরা বর্তমান কর্মসূচি পুনর্বিন্যাস করছি, সেহেতু নতুন কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেয়া হবে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও জনসমাগম পরিহার করার কথা বলা হয়েছে। কোনো অনুষ্ঠান স্থগিত রাখা হয়নি। কর্মসূচি যেভাবে সাজানো হয়েছিল সেটা পুনর্বিন্যাস করা হবে। প্যারেড স্কয়ারে জনসমাগমের যে অনুষ্ঠানটি সেটাকে পুনর্বিন্যাস করে পরবর্তীতে করা হবে। তবে বঙ্গবন্ধু ভবনে যে শ্রদ্ধা নিবেদন এবং টুঙ্গিপাড়ায় যে শ্রদ্ধা নিবেদন সেই কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারা বাংলাদেশের দোয়া মাহফিল এবং শ্রদ্ধাজ্ঞাপনও করা হবে।
জনসমাগম এড়িয়ে বছরব্যাপী মুজিববর্ষ উদযাপন করা হবে বলেও জানান কামাল আবু নাসের।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল (সোমবার) আমাদের জাতীয় কমিটির সভা আছে, সেখানে আমরা আলোচনা করবো।
উল্লেখ্য, রোববার (৮মার্চ) আইইডিসিআর ৩ জন করোনা রোগী শনাক্তের তথ্য জানায়। যাদের মধ্যে ১ জন নারী ও অন্য দুজন পুরুষ।
বার্তা বাজার / ডব্লিও.এস