দিনাজপুরে সুবিধাবঞ্চিত নারীদের সেলাইমেশিন বিতরণ
মুজিববর্ষ এবং আন্তার্জাতিক নারী দিবস উপলক্ষে দিনাজপুর লেডিস ক্লাবের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত কর্মদক্ষ নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৪টায় দিনাজপুর লেডিস ক্লাবে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুজিববর্ষ এবং আন্তার্জাতিক নারী দিবস উপলক্ষে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিনী ফারহানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এঁর সহধর্মিনী আফরোজা খান, সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সচিব এঁর সহধর্মিনী আফসানা বারী, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব এঁর সহধর্মিনী ফিরোজা ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহীর সহধর্মী, অতিরিক্ত জেলা প্রশাসকদের সহধর্মিনী, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের সহধর্মিনী এবং লেডিস ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১০জন সুবিধাবঞ্চিত নারীকে স্বাবলম্বী হওয়ার জন্য সেলাই মেশিন প্রদান করা হয়। এ সময় অতিথিরা বলেন, ‘আমরা দূর থেকে এসেছি। মুজিববর্ষ ও নারী দিবস উপলক্ষে দিনাজপুর লেডিস ক্লাবের এরকম আয়োজন সত্যিই আমাদের মুগ্ধ করেছে। দিনাজপুর লেডিস ক্লাবের কার্যক্রম এতদিন টিভি পত্রপত্রিকায় দেখলেও আজকে নিজেরা দেখতে পেয়ে এবং অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে ধন্য মনে হচ্ছে। আমরা চাই যাদেরকে সেলাই মেশিন প্রদান করা হচ্ছে তারা যেনো কর্ম করে নিজেরাই স্বাবলম্বী হতে পারেন। অন্য কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের উপার্জনের অর্থে জীবন যাপন করাটা অনেক গর্বের বিষয়।’
অনুষ্ঠানে সমাপনি বক্তব্যে লেডিস ক্লাবের সভাপতি ফারহানা সুলতানা বলেন, ‘আমরা চাই সমাজের প্রত্যেকটা নারী নিজের পায়ে দাঁড়াক। লেডিস ক্লাবের আয়োজনে যে সেলাই মেশিন গুলো দেওয়া হচ্ছে এগুলো থেকে যেনো সবাই অর্থ আয় করতে পারেন। আমাদের মাঝে সম্মানিত যে অতিথিরা এসেছেন তাদের আগমনে আমাদের লেডিস ক্লাব সামনে আরো ভালো ভালো কাজের উদ্যোগ নিতে পারবে। আন্তর্জাতিক নারী দিবসে নারী পুরুষের মধ্যে যেনো কোন প্রকার ভেদাভেদ না থাকে এমনটাই প্রত্যাশা করেন তিনি।’
বার্তা বাজার / ডব্লিও.এস