আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির পুনর্গঠন

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির পুনর্গঠন করা হয়েছে।

রোববার (০৮ মার্চ) দুপুরে মহানগর আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ পুনর্গঠন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান গণমাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটির পুনর্গঠনের বিষয়ে বলেন, বঙ্গবন্ধু টানেল নির্মাণের কাজ পরিদর্শনে আসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে দলের উপদেষ্টা ডাঃ অনুপম সেনকে প্রধান উপদেষ্টা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনকে চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনকে সদস্য সচিব করে কো-চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলকে।

এছাড়া পুনর্গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম হতে নির্বাচিত সকল সংসদ সদস্যগণ।

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনে জয়ের ধারা অব্যাহত রাখতে এবং দলে বিদ্রোহী প্রার্থীদের দরুন সৃষ্ট নতুন সমস্যা সমাধানের লক্ষ্যে দলের সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এ পুনর্গঠন করা হয়েছে বলে জানান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর