‘জি কে শামীমের জামিনে প্রমাণ হয় দেশে আইনের শাসন বলে কিছু নেই’

রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের জবাবদিহিতার জায়গা নেই বলেই বেআইনিভাবে যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের মতো একজন অপরাধী জামিন পাওয়ার পরও রাষ্ট্র বলছে তারা জানে না। এতে প্রমাণিত হয় এ রাষ্ট্র ব্যর্থ ও অকার্যকর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার (৮ মার্চ) দুপুরে জিয়ার কবরে গাজীপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন দলের মহাসচিব।

তিনি বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে।

ফখরুল বলেন, যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের মতো এক মানুষ, যিনি জামিন পান না, এমন একজন অপরাধীকে জামিন দিয়ে প্রমাণ হলো দেশে আইনের শাসন বলে কিছু নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম জামিনের বিরোধিতা করেন। অথচ তাদের যারা চুরি-ডাকাতি করে তাদের জামিনে বাধা দেয়ার প্রয়োজন মনে করে না।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আবেদন করা হয়েছে তাতে কী আছে আমার সঠিকভাবে জানা নেই। এটা তার পরিবার বলতে পারবে। আর তিনি কিভাবে জামিন নিবেন, এটা তার ও তার পরিবারের ব্যাপার।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর