চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানি ও ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অপরাধে প্রবীর ঘোষ নামের এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রবিবার (৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের নির্বাহী ক্ষমতা বলে বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটি এ বহিষ্কার করেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান।
তিনি জানান, এই বহিষ্কারাদেশ ১ মার্চ থেকে কার্যকর হয়েছে। বহিষ্কারাদেশ চলাকালে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল অথবা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না । এ আদেশ অমান্য করলে তাকে গ্রেপ্তারসহ তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতা প্রদান করা হয়েছে।
এর আগে গত ১ মার্চ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছনা করার দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রবীর ঘোষকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দুই দিন পর জামিনে পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি।
বার্তাবাজার/এসজে