সাভারে যুব মহিলা লীগ নেত্রীকে হাতুড়ি পেটা করল সন্ত্রাসীরা

সাভারের আশুলিয়ায় যুব মহিলা লীগের এক নেত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে সন্ত্রাসীরা। শনিবার (০৭ মার্চ) বিকেল আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের দক্ষিণ বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার বিকেলে আশুলিয়ার বাইপাইল থেকে দক্ষিণ বাইপাইল এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন মণিকা হাসান(২৮)। তিনি বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী ও ৭ টি মামলার আসামি সোহাগ হোসেন মুন্সী ও তার ভাড়াটে সন্ত্রাসীরা মণিকা হাসানকে ধরে হাতুড়ি দিয়ে পেটায়।

তার দুই হাত ও দুই পায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে সঙ্গে থাকা কয়েক হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে তাকে মৃত ভেবে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে রাস্তা দিয়ে হেটে যাওয়া অন্য ব্যক্তিরা তার গোঙানির শব্দ শুনে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, ‘সন্ত্রাসীদের আটকের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর