ব্রেক ফেল করে কাভার্ড ভ্যান ঢুকে পড়ল বাসায়, নিহত ১
মগবাজার বিয়ামের গলিতে একটি কাভার্ড ভ্যান ব্রেক ফেল করে বাসায় ঢুকে পড়ার ঘটনায় মাকসুদা বেগম (৩৫) এক নারী নিহত হয়েছেন।
শনিবার রাত সোয়া ৮টার দিকে হাতিরঝিল থানাধীন বিয়ামের গলি ও নিউ ইস্কাটনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাকসুদা বাসাবাড়িতে কাজ করতেন।
স্থানীয় আরিফ নামের এক ব্যক্তি জানান, হঠাৎ একটি কাভার্ড্যান নিয়ন্ত্রণহীন অবস্থায় ফুটপাত পেরিয়ে স্থানীয় হাফিজ উদ্দিন নামের এক বাড়িওয়ালার ম্যাচের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনায় কাভার্ড ভ্যানের ডাইভার ও তার সহযোগীকে আটক করেছে স্থানীয়রা। বেলাল, আরিফ, নাসরিন আক্তার, রাসূলসহ ৭ জন আহত হয়েছে বলে জানান তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেকটর) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম বলেন, ছয়-সাত জন আহত হয়েছে। ৩ জনকে ঢামেকে ও ২ জনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের হাতে আটক চালক ও সহযোগীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
বার্তাবাজার/এমকে