মুজিব বর্ষের কর্মসূচি হিসেবে ববিতে ৭১’র চেতনা’র ৭-মার্চ উদযাপন
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্ত চিন্তার সামাজিক সংগঠন ৭১’র চেতনা, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন ৭ মার্চ উপলক্ষে আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে সংগঠনটি বিশেষ আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোঃ এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন সময়ে নায়েব সুবেদার, অবসরপ্রাপ্ত সুবেদার বীর মুক্তিযোদ্ধা মো: আক্কেল আলী মিয়া। বক্তৃতায় তিনি বঙ্গবন্ধুর ৭-ই মার্চের ভাষণে কিভাবে অনুপ্রাণিত হয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই সব ঐতিহাসিক ঘটনা উপস্থিত শিক্ষার্থীদের সামনে বর্ণনা করেন।
অসাম্প্রদায়িক চেতনায় লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে এই প্রজন্মের কাছে তার মর্যাদা অক্ষুন্ন রাখার আহবানও জানান এই জাতীয় বীর।
সভায় আরো আলোচনা করেন ৭১’র চেতনা’র কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছোটন্দ্রনাথ চক্রবর্তী। মুজিব বর্ষ উপলক্ষে এই বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৭১’র চেতনা, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার কর্মীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।##
বার্তাবাজার/কেএ