নৌকাডুবির ভয়াবহ ঘটনার বর্ণনা দিলেন বেঁচে যাওয়া বর রুমন

রাজশাহীতে বর-কনেসহ বউভাতের অনুষ্ঠান শেষে ফেরার সময় দু’টি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটে। নৌকাডুবির এ ঘটনা ঘটে গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজশাহী মহানগরের শ্রীরামপুর এলাকার বিপরীতে পদ্মা নদীতে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় পাঁচজন।

নৌকাডুবির পর বর আসাদুজ্জামান রুমনকে বালু তোলার ড্রেজার নৌকা উদ্ধার করে। উদ্ধারের পর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয় রুমনকে। রুমন পদ্মার চরের ওপারের থাকা পবা উপজেলার চরখিদিরপুরের গ্রামের ইনছার আলীর ছেলে।

শনিবার (৭ মার্চ) দুপুরে মহানগরের শ্রীরামপুর এলাকায় আসেন রুমন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, নদীর ওপার থেকে আসার সময় মাঝখানে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। যার ফলে ভয়ে ওই নৌকায় থাকা ছেলে-মেয়ে কান্নাকাটি শুরু করে। তখন তার ভাই নৌকা থেকে লাফ দেয়। লাফ দিলে নৌকা হেলে যায়। ফলে পানি এসে নৌকা ডুবে যায়।

রুমন বলেন, একটি বালু তোলার ড্রেজার নৌকা এসে আমাদের উদ্ধার করে। আমার স্ত্রী ছিল আমার সাথে। কিন্তু নেীকাডুবির সময় তার বোনের সঙ্গে সে নৌকার পেছনের দিকে ছিল। আমি আর আমার বন্ধু শামীম একসঙ্গে ছিলাম। তাকে এখনো খুঁজে পাইনি আমরা।

তিনি আরও বলেন, আমার সঙ্গে কেউ ছিল না তখন। যারা মেয়ে (কনে) আনতে যায়, ওই ক’জনই ওপারে মেয়েকে আনতে গিয়েছিল। আমরাও ডুবে গিয়েছিলাম। যে নৌকাটি আমাকে উদ্ধার করেছিল, সেই নৌকাটি আরও তিনজনকে উদ্ধার করে। নৌকায় থাকা লোকজন আমাকে বলেছিল, আমরা তোমাদের বাঁচানোর জন্যে এসেছি, এখানে আরও চারটি নৌকা কাজ করছে। সেই নৌকাগুলো খোঁজাখুজি করছিল। পরে সেখান থেকে আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর