এ্যাম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
দিনাজপুরের বিরল উপজেলার দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের তেঘরা হাড্ডিগ্রাম এলাকায় দ্রুততগামী একটি এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজিত জনতা ক্ষুদ্ধ হয়ে রাস্তা অবরোধ করে এ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের তেঘরা হাড্ডিগ্রাম এলাকায় এই দূর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
এই ঘটনায় নিহতরা হলেন, বিরল উপজেলার চককাঞ্চন নতুনপাড়া এলাকার মৃত. দেলোয়ার হোসেনের ছেলে মো. লাবু হোসেন (২৩) ও তেঘড়া শাহাপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে রাব্বি ইসলাম (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে মোটরসাইকেলযোগে ধুকুরঝাড়ী বাজারে যাওয়ার সময় দিনাজপুরগামী একটি দ্রুতগামী এ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই লাবু ও রাব্বি নামের দুই মোটরসাইকেল আরোহী মারা যায়। পরে এলাকাবাসী ওই স্থানে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে এবং এ্যাম্বুলেন্সটিকে আটক করে অগ্নিসংযোগ করে।
ঘটনার সংবাদ পেয়ে বিরল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে করে প্রায় এক ঘন্টা ওই সড়কে যানচলাচল বন্ধ ছিল বলে জানা যায়।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে এ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করার খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।’
বার্তাবাজার/এমকে