সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথা বেশী শোনা যায়। সেটি হলো বাংলাদেশি প্লেয়ারেরা পারেন কেবল জিম্বাবুয়ের সঙ্গেই। অনেকেই গতকালের ম্যাচে তামিম আর লিটনের অর্জনকে খাটো করে দেখছেন, করছেন অযাচিত মন্তব্য। যারা মন্তব্য করছেন তারা কি প্রতিপক্ষ নিয়ে একটি পরিসংখ্যান জানেন?
গতকাল সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ২৯২ রানের রেকর্ড পার্টনারশীপ করেন তামিম-লিটন। দেশের ক্রিকেটের ইতিহাসে যে কোনো উইকেটে যেটি সেরা জুটি। শুধু দেশে নয় দেশের বাইরেও তামিম-লিটনের এই জুটি ওয়ানডেতে ওপেনিংয়ে সারা বিশ্বের মধ্যেই তৃতীয় সেরা।
এছাড়াও তিন ম্যাচের সিরিজে দুটি করে সেঞ্চুরি করেন তামিম-লিটন। এর ফলে গড়েছেন আরেকটি বিরল রেকর্ড। এর আগে বিশ্ব ক্রিকেটে তিন ম্যাচের সিরিজে একই দলের দুই ব্যাটসম্যানের দুটি করে সেঞ্চুরির ঘটনা আছে মাত্র একবারই।
যা করেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স আর হাশিম আমলা। ২০১০ সালের অক্টোবরে এই রেকর্ড গড়েছিলেন এই দুই প্রোটিয়া তারকা। ঘরের মাঠে সিরিজে দুজনই পান দুটি করে সেঞ্চুরি। প্রতিপক্ষ নিয়ে সমস্যা? বাংলাদেশি দুই ব্যাটসম্যান অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন। এতে তাদের কৃতিত্ব কমে গেল? তাহলে জেনে নিন। দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স আর আমলাও কিন্তু রেকর্ড গড়ার জন্য এই জিম্বাবুয়েকেই বেছে নিয়েছিলেন প্রতিপক্ষ হিসেবে।
রেকর্ড রেকর্ডই, কেউ কাউকে রেকর্ড গড়ার সুযোগ করে দেয় না। যে কাউকে রেকর্ডটা অর্জন করে নিতে হয়। তামিম-লিটন সেটা অর্জন করে নিয়েছেন, নিজেদের সামর্থ্য দিয়ে।
বার্তাবাজার/কেএ