গাছের ডাল কেটে বানানো হয়েছে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি
গাছের ডাল কেটে বানানো হয়েছে বিদ্যুতের খুঁটি। সারিবদ্ধ বাঁশ দিয়ে ছড়ানো হয়েছে সঞ্চালন লাইন। ঝুঁকিযুক্ত এসব খুঁটি থেকে বাড়িতে নেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। বাঁশের খুঁটিতে সরবারহ করা সঞ্চালন লাইনগুলোর অবস্থাও নাজুক। এতে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ এমন বিদ্যুৎ সংযোগ রয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একটি গ্রামে।
উপজেলার বড়হিত ইউনিয়নের চরপুম্বাইল গ্রামে প্রবেশ করানো হয়েছে পিডিবির ঝুঁকিপূর্ণ সংযোগ। দত্তপাড়া এলাকা থেকে কাঁচামাটিয়া নদীর প্রয়াত ছাত্রলীগ নেতার নামে নাম করণ করা সোহেল সেতু পার করে চরপুম্বাইল গ্রামে পিডিবির সরবরাহ লাইন প্রবেশ করানো হয়। কিন্তু সরবরাহ লাইনটি করা হয় পুরুনো মোটা তার সরু করে ঝুঁকিপূর্ণ ভাবে। সরবরাহ উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইনটি টানতে খুঁটির বদলে ব্যবহার করা হয়েছে জীবন্ত গাছ ও বাঁশ। বিদ্যুৎ বিভাগে অসাধু কর্মচারীদের তৎপরতায় এলাকাটিতে ঝুঁকিপূর্ণ ভাবে সংযোগ প্রবেশ করানো হয় বলে স্থানীয়দের অভিযোগ। গত প্রায় দুই বছর আগে গ্রামটিতে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও এটি সংস্কারের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। দ্রুততম সময়ের মধ্যে কভার তার দিয়ে সরবরাহ লাইনটি করে দেওয়ার আশ্বাস দিয়ে লাইনটি করে দেয় বিদ্যুৎ বিভাগের লোকজন। কিন্তু দীর্ঘ দিন পেরিয়ে গেলেও ঝুঁকি মুক্ত লাইন স্থাপনে উদ্যোগ নেই।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বাঁশের খুঁটি ও গাছকে খুঁটি হিসেবে ব্যবহার করে খোলা তাড় দিয়ে বিদ্যুৎ সরবরাহ করে এলকায় সংযোগ দেওয়া হয়েছে। বাঁশের খুঁটি গুলো ভেঙে পড়লেই বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু বিদ্যুৎ বিভাগের লোকজন লাইনটি আধুনিকায়ন করছে না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজিজুল হক বলেন, নদীর পার করে ঝুঁকিপূর্ণ ভাবে সংযোগ নিতে তিনি মানা করেছিলেন। এতে তার ওপর ক্ষুব্ধ হয় লোকজন। বাশেঁর ও গাছের খুঁটিতে নিম্ম মানের বিদ্যুৎ সরবরাহ লাইনের কারণে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাই দ্রুত সরবরাহ লাইনটির সংস্কার করার দাবি জানান তিনি।
পিডিবির আবাসিক প্রকৌশলী আবদুল্লাহ আল নোমান বলেন, তিনি যোগদান করার পূর্বে নন স্ট্যান্ডার্ড লাইন গুলো দেওয়া হয়েছে। কিভাবে এই সংযোগ গুলো দেওয়া হয়েছে তা তিনি বোধগম্য নন। স্ট্যান্ডার্ড লাইন করার জন্য এখন কোনো বরাদ্দ নেই। পরবর্তীতে বরাদ্দ পেলে লাইনটি স্ট্যান্ডার্ড করা হবে।
বার্তা বাজার / ডব্লিও.এস