মানিকগঞ্জের সিংগাইরে পাষন্ড স্বামীর হাতে বৃষ্টি আক্তার (১৯) নামের এক গৃহবধূ খুন হয়েছে। শনিবার আনুমানিক ভোর ৫টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত বৃষ্টি আক্তার উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামের প্রবাসী বাদশা মিয়ার কন্যা। সরজমিনে গিয়ে দেখা যায় তাদের থাকার ঘরের পশ্চিম দিকে রান্না ঘরের পিছনে মাথা থেঁতলানো লাশ পড়ে রয়েছে। গাছের ডাল দিয়ে মাথায় সজোরে আঘাত করার কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা।
ঘাতক স্বামী তরিকুল ইসলাম (২১) উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর,লাংগুলিয়া গ্রামের আজমত আলীর ছেলে। পেশায় রাজমিস্ত্রী হলেও বিভিন্ন কাজ করত সে।
জানা যায়, ওই গ্রামের মোঃ হাফিজুর রহমানের বাড়িতে ভাড়া থাকতো তারা।
বাড়িওয়ালা হাফিজুর রহমান বলেন, ৫ মাস যাবৎ আমার বাসায় ভাড়া থাকে তারা। নিহত বৃষ্টি বেশিরভাগ সময় বাবার বাড়িতে থাকতো। পূর্বে কখনো ঝগড়া করতে দেখিনি আমরা। কখন মেরেছে সেটাও বলতে পারব না।
নিহতের মামা আবু তাহের বলেন, দুই-আড়াই বছর আগে বিয়ে হয় তাদের। প্রেমের সম্পর্ক করে বিয়ে হয় বলে তরিকুল বাড়িতে থাকতো না। বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে থাকত। আমার ভাগ্নীকে তার স্বামী হত্যা করেছে এমন খবরে এখানে এসে দেখি এই ঘটনা। কি কারনে এই খুন আমি সেটা বলতে পারছিনা।
সিংগাইর থানার তদন্ত পরিদর্শক মোঃ হাবিবুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বার্তা বাজার / ডব্লিও.এস