খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থায় মুজিববর্ষ পালন প্রহসন : মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থায় মুজিববর্ষ পালন একটা প্রহসন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম জিয়া গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, করছেন। ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি কারাবরণ করেন। গণন্ত্রের জন্য দীর্ঘ নয় বছর সংগ্রাম করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এখন জেলে, তাকে কারাগারে রেখে কোনো বর্ষই সফল হবে না।
শনিবার সকালে ঢাকা-১০ আসনের প্রার্থী শেখ রবিউল আলম রবিসহ নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নির্বাচনে অংশ নেয়, আওয়ামী লীগের এমন বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ তো কত কথাই বলে, জনগণের সমর্থন ও ভোট ছাড়া শুধু অস্ত্র দিয়ে ক্ষমতা দখল করে বসে আছে। স্বাভাবিকভাবে তারা এই ধরনের কথা বলবে যাতে জনগণকে বিভ্রান্ত করা যায়। গণতান্ত্রিক রীতি হচ্ছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হস্তান্তর হয়, তাই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।
তিনি বলেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং গণতন্ত্রের মাতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা এই নির্বাচনে অত্যন্ত সিরিয়াস, প্রত্যেকটি নির্বাচনে আমরা সিরিয়াসলি অংশগ্রহণের চেষ্টা করেছি।
ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর জয়ী হওয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমাদের প্রার্থী শেখ রবিউল আলম রবি সংগ্রামী নেতা, তিনি এলাকায় দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, এলাকায় যথেষ্ট পরিচিত। তিনি অত্যন্ত মেধাবী ছেলে। নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে এবং জনগণের ভোটেই জয়ী হবে।
বার্তা বাজার / ডব্লিও.এস